সিলেট সীমান্তের টেকেরঘাটে আত্মগোপনে থাকা জনি মিয়া আটক
১১ কোটি টাকা ছিনতাই মামলার আসামী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:২৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
ঢাকায় আলোচিত প্রায় ১১ কোটি টাকা ছিনতাই মামলার এক পরোয়ানাভুক্ত আসামীকে সিলেট সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (রাত সাড়ে ১০টা) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট সীমান্ত এলাকা থেকে জনি মিয়া (৩৫) নামে ওই আসামীকে আটক করা হয়।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের গণি মিয়ার ছেলে জনি মিয়া রাজধানীর ঢাকা তুরাগ এলাকায় ডাচ-বাংলা ব্যাংক–এর টাকা বহনকারী গাড়ি থামিয়ে প্রায় ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামী।
সীমান্তে আত্মগোপন, অবশেষে গ্রেপ্তার
টেকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. রিপন উদ্দিন জানান, ছিনতাই মামলার পরোয়ানা জারির পর জনি মিয়া সীমান্তবর্তী এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সীমান্ত ঘেঁষা দুর্গম এলাকায় আত্মগোপনের চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি জনির।















