‘সাংবাদিক এটিএম তুরাবকে টার্গেট করেই গুলি করা হয়েছিল’ — মিফতাহ সিদ্দিকী
সিলেট অনলাইন প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান
- আপডেট সময় : ১০:২১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক | সিলেট:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে পরিকল্পিতভাবে টার্গেট করে গুলি করা হয়েছিল। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করায় তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের বিশেষ ক্ষোভের শিকার হন তুরাব।
সোমবার (৩ আগস্ট) দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাব আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিফতাহ সিদ্দিকী বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই সিলেটের আন্দোলনের মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। তবুও নিরস্ত্র মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয় এবং সবার সামনে পুলিশের গুলিতে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব। তিনি বলেন, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় তুরাবের পরিবার এখনও হতাশায় রয়েছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় কিছু সাংবাদিক তৎকালীন সরকারের পক্ষে কাজ করেছিলেন এবং তাদের মধ্যে অনেকে এখনও জনমত প্রভাবিত করার চেষ্টা করছেন। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে প্রবর্তিত এই অ্যাওয়ার্ড অব্যাহত রাখার জন্য সিলেট অনলাইন প্রেসক্লাবকে ধন্যবাদ জানান।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে চারজন সাংবাদিককে ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। সম্মাননা পান—দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার (প্রিন্ট), সময় টেলিভিশনের জয়ন্ত কুমার দাস ও চ্যানেল টোয়েন্টিফোরের আজহার উদ্দিন শিমুল (ইলেকট্রনিক) এবং বার্তা টোয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি মো. মশাহিদ আলী (অনলাইন)।

অনুষ্ঠানে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানকালীন অথবা পরবর্তী সময়ে প্রকাশিত ও সম্প্রচারিত সাহসী, বস্তুনিষ্ঠ এবং জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবারের জুরিবোর্ডে ছিলেন সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ এবং মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য রেজাউল করিম সোহেল অনুষ্ঠান সঞ্চালনা করেন। শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবু জাবুর-সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিজয়ী সাংবাদিকদের হাতে সনদপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে গত বছর থেকে সিলেট অনলাইন প্রেসক্লাব এ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে।










