অপারেশন ‘জঙ্গল সলিমপুর’: ৪ হাজার সদস্যের যৌথ অভিযানে আটক একাধিক, উদ্ধার অস্ত্র
- আপডেট সময় : ০১:৩৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দীর্ঘদিনের অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে বড় ধরনের যৌথ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ৯ মার্চ ২০২৬ তারিখে শুরু হওয়া এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের প্রায় ৪ হাজার সদস্য অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘অপারেশন জঙ্গল সলিমপুর’ নামে পরিচালিত এই অভিযানে এলাকাটি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অভিযানে আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয়। এতে ১৫টি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি), তিনটি হেলিকপ্টার এবং ডগ স্কোয়াড মোতায়েন করা হয়।
অভিযানের প্রথম ধাপে প্রায় ১০ ঘণ্টার টানা অভিযানে ১২ থেকে ২২ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ সময় পাহাড়ি এলাকার বিভিন্ন আস্তানা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিছু অস্ত্রের সঙ্গে মিয়ানমারের অস্ত্রের মিল পাওয়া গেছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযানে সন্ত্রাসীদের বেশ কয়েকটি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে দুটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে প্রায় ১০০ জন সদস্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, প্রায় দুই দশক ধরে জঙ্গল সলিমপুর এলাকা সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সম্প্রতি গত ১৯ জানুয়ারি সেখানে এক অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত এবং কয়েকজন সদস্য অপহৃত হওয়ার ঘটনার পর বড় ধরনের সমন্বিত অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গল সলিমপুরকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত করতে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।














