সৈয়দ মুগনী আবাসিক এলাকায় চুরি-ছিনতাই বেড়েছে, এলাকাবাসীর ক্ষোভ: চিহ্নিত ছিনতাইকারী সাগরের ঘরে তালা !
- আপডেট সময় : ০১:২৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
সিলেট:
সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন খাসদবীর এলাকার সৈয়দ মুগনী আবাসিক এলাকায় সম্প্রতি একের পর এক মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের উৎপাতেও অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে একই এলাকার যুবদল নেতা লুৎফর রহমান, প্রবাসী বদরুল ইসলামসহ কয়েকজনের বাসা থেকে মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিস চুরির ঘটনা ঘটে। এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাগর নামে এক ব্যক্তিকে এলাকাবাসী একপর্যায়ে ঘেরাও করলেও তিনি ভিড়ের মধ্যে থেকে দৌড়ে পালিয়ে যান।
এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্য ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আনহার আহমদ জানান, চোর ও ছিনতাইকারী সাগরকে ধরতে না পেরে ক্ষুব্ধ এলাকাবাসী ও পঞ্চায়েতের লোকজন সৈয়দ মুগনী আবাসিক এলাকার তরঙ্গ ৪/২৪ নম্বর খোকন মিয়ার কলোনিতে থাকা তার ঘরে তালা লাগিয়ে দেন।
স্থানীয়দের অভিযোগ, সাগরের সহযোগীরা আশপাশের বিভিন্ন কলোনি, বাদামবাগিচা, পীরমহল্লা ও খাসদবীর এলাকায় মাদক, জুয়া এবং নানা ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত। এতে এলাকার সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এলাকাবাসীর দাবি, সবাই সম্মিলিতভাবে এসব অপরাধীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে সমাজে চুরি, ছিনতাই ও রাহাজানি কমে আসবে। পাশাপাশি তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।















