ছিনতাইকারী সন্দেহে ৭ জন গ্রেপ্তার, উদ্ধার ৪টি চাকু
- আপডেট সময় : ১১:৫৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
- সিলেট নগরের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (SMP)-এর কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, রোববার বিকেলে বন্দরবাজারের রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভেতর থেকে তাদের আটক করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।”
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন—ইমন আহমদ, ইমন (১৮), শাহান আহমদ (১৮), ইয়াসিন (১৮), রুবেল (২১), হৃদয় আহমদ (১৮) ও শওকত মিয়া (৩০)।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা আলামত জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
নগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বন্দরবাজারে এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। তারা নিয়মিত টহল ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, নগরে ছিনতাই ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।














