বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ক্যামেরুনে যোগ দিচ্ছেন WTO-এর ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে
- আপডেট সময় : ০৭:০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামী ২৬ থেকে ২৯ মার্চ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্স (MC14)-এ যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন।
এই সম্মেলনে বিশ্বের ১৬৬টি দেশ অংশগ্রহণ করবে এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা এবং WTO-এর ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ৬ সদস্যের প্রতিনিধিদল পাঠিয়েছে, যার নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দলের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন।
বাংলাদেশ প্রতিনিধিদল বিশেষভাবে স্বল্পোন্নত দেশ (LDC) হিসেবে বাণিজ্য সুবিধা, ডিউটি-ফ্রি ও কোটা-ফ্রি বাজার প্রবেশাধিকার, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করবে।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সম্মেলনের বিভিন্ন সেশন ও পার্শ্ব বৈঠকে অংশগ্রহণ করবেন এবং অন্যান্য দেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, WTO-এর মিনিস্ট্রিয়াল কনফারেন্স সংস্থাটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম। এবারের সম্মেলনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুস মাগলোয়ার ম্বারগা আটাঙ্গানা। বাংলাদেশের প্রতিনিধিদল ১ এপ্রিল দেশে ফিরে আসবে।















