প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিকার পুনর্গঠন, সদস্য হলেন সিলেট-১ এর এমপি খন্দকার আব্দুল মুক্তাদির
- আপডেট সময় : ১১:২১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
সরকার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) পুনর্গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে গঠিত ২০ সদস্যের এই শক্তিশালী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারের প্রশাসনিক কাঠামো সংস্কার এবং নতুন প্রশাসনিক ইউনিট গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেবে এই কমিটি। দেশের প্রশাসনিক মানচিত্র পুনর্গঠন এবং কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে নিকার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে কাজ করে।
কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিববৃন্দ।
নিকার-এর প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে—নতুন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর স্থাপন বা পুনর্গঠন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ। পাশাপাশি নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা ও থানা গঠনের প্রস্তাব বিবেচনা এবং বিদ্যমান প্রশাসনিক ইউনিটগুলোর সীমানা পুনর্নির্ধারণও এই কমিটির আওতায় পড়বে।
সিলেট-১ আসন থেকে নির্বাচিত খন্দকার আব্দুল মুক্তাদিরকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই নেতার নিকার-এ অন্তর্ভুক্তি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিকার-এর সদস্য হিসেবে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবদেরও অন্তর্ভুক্ত করা হবে। প্রয়োজনে বিষয় সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রী বা প্রতিমন্ত্রীদেরও এই কমিটিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে।














