সরকারকে ‘সাংবিধানিকভাবে ভিত্তিহীন’ বলে ওএসডি নির্বাহী ম্যাজিস্ট্রেট
- আপডেট সময় : ০৬:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ১৮৭ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তিনি তার নিজ ফেসবুক পোস্টে বর্তমান সরকারকে ‘সাংবিধানিকভাবে ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন।
রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। তিনি বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে এখনও মন্ত্রণালয়ের নির্দেশনা হাতে পাইনি।’
সমালোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি ফেসবুকে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।
পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি মুঠোফোনে বলেন, ‘আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি। বদলি বিভিন্ন কারণে হতে পারে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
তিনি আরও বলেন, ‘এর জন্য যদি আমার চাকরি চলে যায়, সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? তাহলে তো আমি মনে করি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসেবে আছে। আমার মনে হয়েছে, আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো।’
এদিকে তাপসী তাবাসসুম উর্মির ফেসবুকে গিয়ে দেখা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়েও বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘এ ঘটনায় তাকে অলরেডি ওএসডি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রণালয়ই নিবে।’
















