সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সহকারী ভারতীয় হাইকমিশনের আয়োজন
- আপডেট সময় : ১১:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সিলেটে অবস্থিত সহকারী ভারতীয় হাইকমিশন ২২ ফেব্রুয়ারি নগরীর একটি হোটেলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সমাজের বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবুল ফাতেহ ফাত্তা। বক্তারা মাতৃভাষার গুরুত্ব, ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য এবং ভাষা শহীদদের আত্মত্যাগ নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করেন।
অনুষ্ঠনের শুরুতে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস উপস্থিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে তিনি তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরেন এবং ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা পর্বের পাশাপাশি একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় প্রতিভাবান শিল্পী বিমলেন্দু দাস ও দিয়া পুরকায়স্থ দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।
ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যাপন দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।























