মোগলাবাজারে নারীর অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল: র্যাবের অভিযানে গ্রেফতার রুকন
- আপডেট সময় : ০২:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
সিলেটের মোগলাবাজারে এক নারীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে রুকন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, ভিকটিম মোগলাবাজার থানাধীন সিকন্দরপুর এলাকার বাসিন্দা। অভিযুক্ত রুকন মিয়া ভিকটিমের বোনের জামাই হওয়ায় প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। এ সুযোগে তিনি গোপনে ভিকটিমের কিছু অশ্লীল ছবি নিজের মোবাইলে ধারণ ও সংরক্ষণ করেন।
পরে ওই ছবি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ভিকটিম তার বোনকে জানালে ক্ষিপ্ত হয়ে রুকন মিয়া গত বছরের ১৭ জুন মৌখিকভাবে স্ত্রীকে তালাক দেন। তাদের একটি শিশু সন্তান রয়েছে।
পরবর্তীতে ভিকটিম শারীরিক সম্পর্ক বজায় রাখতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে ১০ লাখ টাকা দাবি করেন। ভিকটিম টাকা দিতে অস্বীকৃতি জানালে রুকন মিয়া একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিও প্রকাশ করেন।
ঘটনা জানাজানি হলে ভিকটিম মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজারের সেলিম ডেকোরেশন এলাকায় অভিযান চালিয়ে মামলার একমাত্র পলাতক আসামি রুকন মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি মোগলাবাজার থানার বীরমঙ্গল এলাকার লাল মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।






















