আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রুবেল আহমদের মৃত্যু: পরিবারে শোকের মাতম !
- আপডেট সময় : ০৬:৪১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৩৮৬ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি রুবেল আহমদ নিহত হয়েছেন। শুক্রবার রাতে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুবেল আহমদের বাড়ি সিলেটের মোগলাবাজার উপজেলার কলদিয়ার চর, বাবার নাম মনফর আলী। তিনি পাঁচ বছর ধরে আমিরাতে বসবাস করছিলেন। দেশে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
দুর্ঘটনার বিবরণে জানা যায়, ১৯ নভেম্বর রাতে রাত ১২:৩০ মিনিটে রুবেল রোডে ফুড ডেলিভারি দিতে যাচ্ছিলেন। সেই সময় একটি পাকিস্তানি ড্রাইভার চালিত ট্রাক তার মোটরসাইকেল ও আরেকটি ডেলিভারি রাইডারের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই মিশরীয় রাইডার নিহত হন। রুবেল আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। ১০ দিন আইসিইউতে থাকার পর শুক্রবার তার মৃত্যু হয়।
ক্লিক ডেলিভারি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক আবদুস শহীদ জানান, মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় ছুটি শেষ হলে মরদেহ দেশে পাঠানো হবে।















