গণহত্যা দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আহ্বান
- আপডেট সময় : ১০:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
ঢাকা, ২৫ মার্চ:
মহান গণহত্যা দিবস উপলক্ষে জাতির সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিবসটি উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি ১৯৭১ সালের ২৫ মার্চকে বাংলাদেশের ইতিহাসে এক নৃশংস ও কলঙ্কিত অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ওই কালরাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরীহ মানুষের ওপর নির্বিচারে হামলা চালিয়ে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ, যা জাতির ইতিহাসে এক গভীর বেদনাবিধুর অধ্যায় হয়ে থাকবে। এ হত্যাযজ্ঞ প্রতিরোধে ব্যর্থতার বিষয়টি এখনও ইতিহাসের গবেষণার বিষয় হলেও, ওই রাতেই চট্টগ্রামে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘উই রিভোল্ট’ ঘোষণা দিয়ে সশস্ত্র প্রতিরোধ শুরু করে। এর মধ্য দিয়েই শুরু হয় দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ।
প্রধানমন্ত্রী তার বার্তায় বলেন, স্বাধীনতার প্রকৃত মূল্য ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হলে ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে জানা অপরিহার্য। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দেওয়ার আহ্বান জানান।
তিনি একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
বার্তার শেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহ তায়ালার কাছে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণহত্যা দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।















