ঈদকে সামনে রেখে সিলেটে ট্রাক চলাচলে সময়সীমা, টিন্টেড ভিসর নিষিদ্ধ: এসএমপি
- আপডেট সময় : ০১:১৬:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সিলেট:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহানগরবাসীর নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (১০ মার্চ) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ মার্চ ২০২৬ থেকে ঈদুল ফিতর পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে রাত ১টা পর্যন্ত নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে শাহী ঈদগাহ ও নয়াসড়ক রুটে ট্রাক চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় পণ্য পরিবহনসহ অন্যান্য কাজে সংশ্লিষ্টদের বিকল্প রুট হিসেবে নাইওরপুল–মিরাবাজার–শিবগঞ্জ–টিলাগড়–বালুচর–শাহী ঈদগাহ–আম্বরখানা সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করতে টিন্টেড ভিসর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে মোটরসাইকেল চালানোর সময় টিন্টেড ভিসরের পরিবর্তে স্বচ্ছ ভিসর বা বিকল্প হেলমেট ব্যবহার করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পেট্রোল পাম্পে জ্বালানি তেল নেওয়ার সময় পাম্পকর্মীদের সঙ্গে উগ্র আচরণ, ভয়ভীতি প্রদর্শন কিংবা ছুরি বা ধারালো অস্ত্র নিয়ে পাম্পে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের আচরণ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএমপি জানিয়েছে, সিলেট মহানগরীর সার্বিক নিরাপত্তা ও জনসাধারণের স্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।















