স্পিকারের সভাপতিত্বে সদস্য তারেক রহমান ও শফিকুর রহমান
সংসদে ‘বিশেষ অধিকার’ সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
- আপডেট সময় : ১০:০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের সদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষায় বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
স্পিকারের সভাপতিত্বে গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটিতে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব রাখা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও হুইপ আশরাফ উদ্দিন নিজান, নোয়াখালী-২ আসনের বিএনপি সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক এবং ঢাকা-১১ আসনের এনসিপি সংসদ সদস্য নাহিদ ইসলাম।
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সংসদ সদস্যদের বিশেষ অধিকার লঙ্ঘন, সংসদীয় মর্যাদা ও সংসদের কার্যক্রমে বাধা সংক্রান্ত অভিযোগ পর্যালোচনা করা এই কমিটির প্রধান দায়িত্ব। প্রয়োজন হলে তদন্ত করে সংসদে সুপারিশ ও প্রতিবেদন উপস্থাপন করবে কমিটি।
সংসদীয় গণতন্ত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মত প্রকাশ, সংসদীয় দায়িত্ব পালন এবং মর্যাদা রক্ষায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রয়োদশ জাতীয় সংসদের শুরুতেই এ কমিটি গঠন হওয়ায় সংসদীয় কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।















