“আমরা যদি না জাগি মা—কেমনে সকাল হবে?” শিক্ষার্থীদের তরুণ সমাবেশের প্রতিপাদ্য বার্তা
সিলেটে নগর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তরুণ সমাবেশ
- আপডেট সময় : ০২:২৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মধ্যে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও নিরাপদ স্যানিটেশন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল: “আমরা যদি না জাগি মা—কেমনে সকাল হবে?”। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, যিনি শিক্ষার্থীদের নগরকে নিজেদের ঘরের মতো পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
তিনি বলেন, যত্রতত্র ময়লা ফেলা একটি বদ অভ্যাস যা এখনই পরিবর্তন করা প্রয়োজন। তিনি বাড়ির বর্জ্য আলাদা করে নিয়মিত ভ্যানে দেওয়ার গুরুত্বের উপর জোর দেন।
প্রধান নির্বাহী কর্মকর্তার তথ্য অনুযায়ী, প্রতিদিন সিলেটে প্রায় ৫০০ টন বর্জ্য উৎপন্ন হয়, যার মাত্র অর্ধেকই সংগ্রহ করা সম্ভব হয়। অবশিষ্ট বর্জ্য খাল, ছড়া ও ড্রেনে ফেলার কারণে জলাবদ্ধতা, মশা ও পানিবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তিনি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এখনই সচেতন হওয়া জরুরি। এছাড়া প্লাস্টিক ব্যবহার কমানো ও পুনর্ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, ফুলকলির জিএম জসিম উদ্দিন এবং পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম চৌধুরী কিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএনভি’র নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম।
সমাবেশে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশগ্রহণ করেন। এছাড়া আন্তঃস্কুল দেয়াল পত্রিকা প্রতিযোগিতা ও আন্তঃকলেজ আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা নিরাপদ বর্জ্য সংরক্ষণ, বর্জ্য পৃথকীকরণকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করা এবং বর্জ্য থেকে সম্পদ পুনরুদ্ধারের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।
এই তরুণ সমাবেশ নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের ধারাবাহিক ক্যাম্পেইনের প্রথম ধাপের সমাপ্তি হিসেবে অনুষ্ঠিত হয়।













