“কার্যালয়ে ডেকে নিয়ে ধর্ষণ!”—দিনাজপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, গ্রেফতার
- আপডেট সময় : ১২:৫১:১১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সাপ্তাহিক ছুটির দিনে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে এক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী (২৬) হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে মোবাইল ফোনে কল করে কার্যালয়ে আসতে বলা হয়।
কার্যালয়ে পৌঁছানোর পর অভিযুক্ত কর্মকর্তা নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন এবং একপর্যায়ে ওই নারীকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর শুক্রবার রাতেই ভুক্তভোগী নারী হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাত ৮টার দিকে হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেফতার করে।
হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নারী সংক্রান্ত বিতর্কের অভিযোগ ছিল।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।














