সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৮:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা ফারুক আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার এবং হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার (১১ মার্চ) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ফারুক আহমদ বলেন, জন্মলগ্ন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি কিছু ভুঁইফোড় অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল তাকে এবং তার দলীয় নেতাকর্মী ও গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, প্রতিহিংসামূলকভাবে তাদের ‘ডেভিল’ আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা শুধু তাকে নয় বরং গোয়াইনঘাটবাসীকেও ক্ষুব্ধ করেছে। এ ঘটনায় ইতোমধ্যে উপজেলার সুশীল সমাজের পক্ষ থেকেও নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ফারুক আহমদের অভিযোগ, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি থেকে ছবি সম্পাদনা করে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান সুজন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান জড়িত বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিগত ১৫ থেকে ১৬ বছর ধরে স্থানীয় নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে একটি চক্রের বিরুদ্ধে। বর্তমানে তাদের নিয়ন্ত্রণে প্রায় তিন থেকে চার লাখ ঘনফুট বালু মজুদ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নদী থেকে বালু উত্তোলনের কারণে আশপাশের বাড়িঘর, একটি গুরুত্বপূর্ণ সেতু এবং বধ্যভূমি হুমকির মুখে পড়েছে বলেও তিনি দাবি করেন।
ফারুক আহমদ জানান, এসব অনিয়মের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে গত ৬ মার্চ ২০২৬ তারিখে একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং–১৫/২০২৬, জিআর–৬৮/২০২৬)। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন বাদী হয়ে গত ৮ মার্চ গোয়াইনঘাট থানায় জিয়াউর রহমান সুজন ও লুৎফুর রহমানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন (মামলা নং–১৮/২০২৬, জিআর–৭১/২০২৬)।
সংবাদ সম্মেলনে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে সঠিক তথ্য তুলে ধরে সত্য সংবাদ প্রকাশ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল মুতলিবসহ স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি।













