বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ
- আপডেট সময় : ১০:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ২৯২ বার পড়া হয়েছে
সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর বিএনপি।
গত রবিবার (৭ জুন) সন্ধ্যার আগ মুহূর্তে নগরীর একটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয় সূত্রে অভিযোগ করা হয়, নিষিদ্ধ সংগঠন যুবলীগের ক্যাডার বেলালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার বাসার সামনে হামলা চালায়। এ সময় তার চাচাতো ভাই ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান ফয়সালও হামলার শিকার হন এবং তার ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর করা হয়।
গুরুতর আহত মোবারক হোসেন ফাত্তাহকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার মাথায় দুটি সেলাই দেওয়া হয়েছে এবং পায়ের দুই স্থানে অস্ত্রোপচার করা হয়েছে।

এ ঘটনায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ঘটনার দিন রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত নেতাকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
পরবর্তীতে সোমবার (৮ জুন) রাতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী ও দলীয় নেতৃবৃন্দও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত নেতাকে দেখতে যান।
নেতৃবৃন্দ পৃথক প্রতিক্রিয়ায় এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই।”
তারা আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত নেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।
সিলেট মহানগর বিএনপি এক বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।













