পাস কার্ড ইস্যুতে অনিয়ম ও গণবিজ্ঞপ্তি নিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সমালোচনা
- আপডেট সময় : ০২:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
- যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেলে নগরীর ড. রাগীব আলী মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না, সাবেক কার্যকরী সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল হাছিব, সদস্য মো. আলমগীর আলম, মো. আমির উদ্দিন, ফাহিম আহমদ এবং ‘আজকের সিলেট’-এর স্টাফ রিপোর্টার মাহফুজ কাওসার সাদি প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের জন্য অপরিহার্য। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তিনি আরও বলেন, “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি সাংবাদিকদের দায়িত্ব, অধিকার ও পেশাগত মর্যাদা নতুন করে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।”
সভায় বক্তারা সম্প্রতি অনলাইন গণমাধ্যম নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার কর্তৃক জারীকৃত গণবিজ্ঞপ্তির তীব্র সমালোচনা করেন। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ মুক্ত গণমাধ্যম ও জনগণের বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল।
এছাড়া, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সিলেট সফরকালে সাংবাদিকদের পাস কার্ড ইস্যু নিয়ে অনিয়মের অভিযোগ তুলে বক্তারা বিষয়টি “ভানুমতির খেলা” বলে উল্লেখ করেন এবং এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। একই সঙ্গে সাংবাদিকদের পাস কার্ড ইস্যুতে হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। রাষ্ট্র, সমাজ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে গণমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সামনে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশে সংবাদ পরিবেশনের ক্ষেত্র যেমন বিস্তৃত হয়েছে, তেমনি বেড়েছে দায়িত্বও। গুজব, বিভ্রান্তি ও অপতথ্য প্রতিরোধে তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা সময়ের দাবি।












