সিলেটের তেমুখিতে তিন গ্রামের সংঘর্ষ, আহত ১৫ জন
- আপডেট সময় : ০৭:০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর তেমুখি পয়েন্টে এ সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেমুখি পয়েন্টে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও এলাকার কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিলেট–সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে তেমুখি পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি শামসুল হাবীব বলেন,
“মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
ঘটনার পর এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে পুলিশ।















